- ব্রাহ্মণ: বৈদিক পণ্ডিত, পুরোহিত বা শিক্ষক।
- ক্ষত্রিয়: শাসক, প্রশাসক বা যোদ্ধা।
- বৈশ্য: কৃষক, চাষি বা বণিক।
- শূদ্র: শিল্পী, শ্রমিক বা সেবক।
এই চতুর্ভাগ বিভাজন সামাজিক স্তরবিন্যাসের একটি রূপ। এটি ইউরোপীয় শব্দ "caste" এর সমতুল্য জাতি ব্যবস্থার চেয়ে ভিন্ন এবং আরও সরলীকৃত। বর্ণ ব্যবস্থা হিন্দু ধর্মগ্রন্থে আলোচনা করা হয়েছে এবং এটিকে আদর্শ মানব পেশা হিসেবে বোঝানো হয়েছে। এর ধারণাটির সাথে ঋগ্বেদের পুরুষসূক্ত শ্লোকের সম্পর্ক রয়েছে। উত্তর বৈদিক যুগে মহাভারত, পুরাণ এবং ধর্মশাস্ত্র গ্রন্থগুলিতে বর্ণ বিভাজনের বিবরণ পাওয়া যায়। মনুস্মৃতিতে বর্ণ ব্যবস্থার উপর মন্তব্য প্রায়শই আলোচনা করা হয়। এই গ্রন্থগত শ্রেণিবিন্যাসের বিপরীতে, অনেক হিন্দু ধর্মগ্রন্থ ও মতবাদ বর্ণভিত্তিক সামাজিক শ্রেণিবিন্যাসকে প্রশ্নবিদ্ধ করে এবং এর সাথে দ্বিমত পোষণ করে। যারা চারটি বর্ণ বা শ্রেণির মধ্যে পড়ে তাদের সবর্ণ হিন্দু বলা হয়। দলিত ও আদিবাসীরা যারা কোনো বর্ণের অন্তর্ভুক্ত নয় এবং তাদের অবর্ণ বলা হয়।
ব্যুৎপত্তি ও উৎপত্তি
বেদ
১১। যখন তারা পুরুষকে বিভক্ত করল, তারা কতটি অংশ করল?
তারা তাঁর মুখ, তাঁর বাহুগুলোকে কী বলে? তারা তাঁর উরু ও পদকে কী বলে?
১২। ব্রাহ্মণ ছিলেন তাঁর মুখ, তাঁর উভয় বাহু থেকে রাজন্য গঠিত হল।
তাঁর উরু বৈশ্যে পরিণত হল, আর তাঁর পদ থেকে শূদ্রের উৎপত্তি হল।
পণ্ডিতদের ব্যাখ্যা
কিছু আধুনিক ভারত্রতত্ত্ববিদরা বিশ্বাস করেন যে পুরুষ সূক্ত সম্ভবত পরবর্তীকালে যুক্ত হয়েছে, সম্ভবত এটি একটি চার্টার মিথ হিসেবে। সংস্কৃত এবং ধর্মীয় অধ্যয়নের অধ্যাপক, স্টেফানি জ্যামিসন এবং জোয়েল ব্রেরেটন বলেন, "ঋগ্বেদে কোনো প্রমাণ নেই যে সেখানে একটি জটিল, বহু-বিভাজিত এবং সর্বগ্রাসী বর্ণব্যবস্থা ছিল," এবং "ঋগ্বেদে বর্ণব্যবস্থা ভ্রূণ অবস্থায় রয়েছে এবং তখন এবং পরবর্তীকালে এটি সামাজিক বাস্তবতার চেয়ে সামাজিক আদর্শ ছিল।"
রম শরণ শর্মা তার বই Śūdras in Ancient India (1990)-এ বলেন:
"ঋগ্বেদীয় সমাজ সামাজিক শ্রম বিভাজনের ভিত্তিতে বা সম্পদের পার্থক্যের ভিত্তিতে সংগঠিত ছিল না... [এটি] প্রধানত আত্মীয়তা, গোত্র এবং বংশের ভিত্তিতে সংগঠিত ছিল।"
উপনিষদসমূহ
ছান্দোগ্য উপনিষদ ইঙ্গিত দেয় যে একজন ব্যক্তির বর্ণ তার পূর্বজন্মের কর্মের ভিত্তিতে নির্ধারিত হয়।
“তাদের মধ্যে যারা এই পৃথিবীতে [তাদের পূর্বজন্মে] সৎকর্ম করেছিল, তারা ফলস্বরূপ উত্তম জন্ম লাভ করে। তারা ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা বৈশ্য রূপে জন্মগ্রহণ করে। কিন্তু যারা এই পৃথিবীতে [তাদের পূর্বজন্মে] অসৎকর্ম করেছিল, তারা ফলস্বরূপ নিকৃষ্ট জন্ম লাভ করে, যেমন কুকুর, শূকর বা বর্ণহীন ব্যক্তি রূপে জন্মগ্রহণ করে।”
— ছান্দোগ্য উপনিষদ
তবে, বজ্রসূচি উপনিষদ উল্লেখ করে যে ব্রাহ্মণের মর্যাদা জন্ম, জ্ঞান বা কর্মের উপর নির্ভর করে না; বরং এটি নিজের আত্মা (অন্তঃস্থিত সত্তা) প্রত্যক্ষভাবে উপলব্ধি করার উপর ভিত্তি করে।
“তাহলে সত্যিই কে ব্রাহ্মণ? তিনি যিনি স্বীয় আত্মাকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করেছেন—যা এক ও অদ্বিতীয়, যা কোনো শ্রেণি বা কর্মের অধীন নয়... যা সমস্ত বস্তুকে বিদ্ধ করে এবং সর্বত্র বিদ্যমান। [তিনি যিনি] পার্থিব বস্তু ও ভোগের লালসা থেকে মুক্ত এবং যার মন অহংকার ও আত্মম্ভরিতা দ্বারা স্পর্শিত নয়—তিনি-ই প্রকৃত ব্রাহ্মণ। বেদ, স্মৃতি, ইতিহাস ও পুরাণসমূহের মত এইরকমই। অন্যথায়, কেউই ব্রাহ্মণের মর্যাদা অর্জন করতে পারে না।”
— বজ্রসূচি উপনিষদ
মহাকাব্যসমূহ
মহাভারত
প্রায় চতুর্থ শতাব্দী খ্রিস্টাব্দে সম্পূর্ণ হওয়া মহাভারত-এ ১২.১৮১ অধ্যায়ে বর্ণব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে।
এই মহাকাব্য বর্ণব্যবস্থার দুটি মডেল উপস্থাপন করে। ঋষি ভৃগুর মাধ্যমে প্রকাশিত প্রথম মডেলটি বর্ণকে রঙভিত্তিক ব্যবস্থার মাধ্যমে বর্ণনা করে, যা হয়েছে—“ব্রাহ্মণের বর্ণ সাদা, ক্ষত্রিয়ের লাল, বৈশ্যের হলুদ এবং শূদ্রের কালো।”
তবে, আরেকজন বিশিষ্ট ঋষি ভরদ্বাজ এই বর্ণনাটিকে প্রশ্নবিদ্ধ করেন। তিনি বলেন যে সমস্ত বর্ণের মধ্যেই রঙ দেখা যায়, এবং কামনা, ক্রোধ, ভয়, লোভ, দুঃখ, উদ্বেগ, ক্ষুধা ও পরিশ্রম সমস্ত মানুষের মধ্যে বিদ্যমান। এছাড়াও, সমস্ত মানবদেহ থেকেই পিত্ত ও রক্ত প্রবাহিত হয়—তাহলে বর্ণগুলির মধ্যে পার্থক্য কী? তিনি জিজ্ঞাসা করেন।
ধর্ম অধ্যাপক আলফ হিল্টেবাইটেলের মতে, এরপর মহাভারত ঘোষণা করে:
“বর্ণগুলির মধ্যে কোনো ভেদ নেই। এই সমগ্র বিশ্ব ব্রহ্ম। এটি প্রাচীনকালে ব্রহ্মা সৃষ্টি করেছিলেন এবং এটি কর্মের মাধ্যমে শ্রেণিবদ্ধ হয়েছে।”
মহাভারত এরপর বর্ণের জন্য আচরণগত মডেল উপস্থাপন করে। এতে বলা হয়েছে—যারা ক্রোধ, ভোগ এবং সাহসের প্রতি আসক্ত, তারা ক্ষত্রিয় বর্ণ লাভ করে; যারা গবাদি পশুপালন এবং কৃষিকাজ দ্বারা জীবনধারণে আগ্রহী, তারা বৈশ্য বর্ণ লাভ করে; আর যারা হিংসা, লোভ এবং অপবিত্রতার প্রতি আসক্ত, তারা শূদ্র বর্ণ লাভ করে। মহাকাব্যে ব্রাহ্মণ শ্রেণিটিকে সত্য, তপস্যা এবং পবিত্র আচরণের প্রতি নিবেদন করে মানুষের আদর্শ প্রাথমিক অবস্থা হিসেবে মডেল করা হয়েছে।
প্রকৃতপক্ষে, এতে আরও উল্লেখ করা হয়েছে যে সমস্ত মানুষই ব্রাহ্মণের সন্তান—যা অর্থহীন বলে মনে হতে পারে, যদি না এটি এইভাবে বোঝা হয়। আলফ হিল্টেবাইটেলের মতে, মহাভারত এবং মধ্যযুগের পূর্ববর্তী হিন্দু গ্রন্থগুলিতে "তাত্ত্বিকভাবে বর্ণ একটি বংশগত ধারণা নয়। চারটি বর্ণ কোনো বংশধারা নয়, বরং শ্রেণিবিভাগ।"
ভগবদ্গীতা
ভগবদ্গীতা বিভিন্ন বর্ণের সদস্যদের পেশা, কর্তব্য এবং গুণাবলি বর্ণনা করে।
“পৃথিবীতে কোনো বস্তু নেই, বা স্বর্গে দেবতাদের মধ্যেও এমন কিছু নেই যা প্রকৃতিজাত তিনটি গুণ (সত্ত্ব, রজ, তম) থেকে মুক্ত।”
“হে শত্রুনাশক অর্জুন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রদের কর্তব্য তাদের স্বভাবজাত গুণের ভিত্তিতে বন্টিত হয়েছে।”
“মনের ও ইন্দ্রিয়ের সংযম, তপস্যা, পবিত্রতা, সহনশীলতা, সততা, জ্ঞান, আত্মোপলব্ধি এবং পরজন্মে বিশ্বাস—এগুলি ব্রাহ্মণদের স্বভাবজাত কর্তব্য।”
“শৌর্য, সাহস, ধৈর্য, দক্ষতা, যুদ্ধে পলায়ন না করা, দানশীলতা এবং নেতৃত্ব—এগুলি ক্ষত্রিয়দের স্বভাবজাত কর্তব্য।”
“কৃষি, পশুপালন এবং বাণিজ্য—এগুলি বৈশ্যদের স্বভাবজাত কর্তব্য; এবং সেবা প্রদানই শূদ্রদের স্বভাবজাত কর্তব্য।”
— ভগবদ্গীতা, অধ্যায় ১৮
পুরাণসমূহ
ব্রহ্ম পুরাণ উল্লেখ করে যে একত্রে একজন ব্যক্তির ধর্মকে নির্দেশ করা বর্ণ এবং আশ্রম এর বিরুদ্ধাচারণ করলে নরকে গমন করতে হয়।
ব্রহ্মাণ্ড পুরাণ জানায় যে নিম্ন ও উচ্চ বর্ণের মধ্যে সম্পর্ক গঠনের ঘটনাগুলি হলো অধর্ম ও অবক্ষয়ের যুগ, কলিযুগের লক্ষণ।
ধর্মশাস্ত্রসমূহ
বর্ণব্যবস্থা ধর্মশাস্ত্রসমূহে বিশদভাবে আলোচিত হয়েছে। ধর্মশাস্ত্রের বর্ণব্যবস্থা সমাজকে চারটি বর্ণ —ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এ বিভক্ত করে। যারা গুরুতর পাপের কারণে এই ব্যবস্থার বাইরে পড়ে যায়, তারা বহিষ্কৃত (অস্পৃশ্য) হিসেবে গণ্য হয় এবং বর্ণব্যবস্থার বাইরে বিবেচিত হয়। বর্বর এবং অধার্মিক বা অনৈতিক ব্যক্তিদেরও বহিষ্কৃত হিসেবে গণ্য করা হয়।
সাম্প্রতিক গবেষণা থেকে জানা যায় যে এই গ্রন্থগুলিতে বর্ণ এবং অস্পৃশ্য বহিষ্কৃতদের আলোচনা আধুনিক ভারতের বর্ণপ্রথার সাথে সাদৃশ্যপূর্ণ নয়। সংস্কৃত এবং ভারতীয় ধর্মবিশেষজ্ঞ এবং বৈদিক সাহিত্য, ধর্মসূত্র ও ধর্মশাস্ত্রের আধুনিক অনুবাদের জন্য পরিচিত প্যাট্রিক অলিভেলি উল্লেখ করেছেন যে প্রাচীন ও মধ্যযুগীয় ভারতীয় গ্রন্থসমূহ বর্ণব্যবস্থার ভিত্তি হিসেবে আচারগত দূষণ এবং শুদ্ধ-অশুদ্ধ ধারণাকে সমর্থন করে না।
অলিভেলির মতে, ধর্মশাস্ত্রসমূহে শুদ্ধ-অশুদ্ধ বিষয়ে আলোচনা করা হয়েছে, তবে এটি শুধুমাত্র ব্যক্তির নৈতিক, আচারিক এবং জৈবিক দূষণের (যেমন নির্দিষ্ট ধরনের খাদ্য গ্রহণ—মাংস, মূত্রত্যাগ এবং মলত্যাগ) প্রসঙ্গে উল্লেখিত হয়েছে। ধর্মশাস্ত্রসমূহের বিশ্লেষণে অলিভেলি লিখেছেন: “আমরা কোনো উদাহরণ দেখি না যেখানে শুদ্ধ/অশুদ্ধ শব্দটি কোনো ব্যক্তিগোষ্ঠী বা কোনো বর্ণ বা জাতির সাথে প্রযোজ্য হয়েছে।”
প্রথম সহস্রাব্দের শাস্ত্রসমূহে একমাত্র অশুদ্ধতার উল্লেখ পাওয়া যায় সেইসব মানুষের ক্ষেত্রে যারা গুরুতর পাপ করে তাদের বর্ণ থেকে বিচ্যুত হয়েছে। অলিভেলি লিখেছেন, এদেরকে “পতিত ব্যক্তি” এবং অশুদ্ধ বলে অভিহিত করা হয়েছে এবং তাদের সমাজ থেকে বহিষ্কার করার কথা বলা হয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন যে ধর্মশাস্ত্রসমূহে শুদ্ধতা/অশুদ্ধতা সংক্রান্ত আলোচনাগুলির প্রধানত কেন্দ্রবিন্দু হলো “বর্ণ নির্বিশেষে ব্যক্তিবিশেষ”। চারটি বর্ণই তাদের চরিত্রের গুণাবলি, নৈতিক অভিপ্রায়, কর্ম, নির্দোষতা বা অজ্ঞতা, বিধিনিষেধ এবং আচারিক আচরণের মাধ্যমে শুদ্ধ বা অশুদ্ধ হতে পারে।
অলিভেলি উল্লেখ করেছেন:
“ডুমন্ট তার মূল্যায়নে সঠিক যে বর্ণের আদর্শ শুদ্ধতার উপর ভিত্তি করে নয়। যদি তা হতো, তবে আমরা অন্তত বিভিন্ন বর্ণের আপেক্ষিক শুদ্ধতা ও অশুদ্ধতা সম্পর্কে কিছু মন্তব্য প্রত্যাশা করতাম। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ধর্মশাস্ত্রসমূহে উদ্ভূত শুদ্ধতা ও অশুদ্ধতার আদর্শ ব্যক্তিকে কেন্দ্র করে, গোষ্ঠীকে নয়; এটি শুদ্ধিকরণের উপর গুরুত্ব দেয়, শুদ্ধতার উপর নয় এবং সামাজিক স্তরবিন্যাসের ভিত্তি হিসেবে আপেক্ষিক শুদ্ধতার তত্ত্বকে খুব কমই সমর্থন করে।”
— প্যাট্রিক অলিভেলি
প্রথম তিনটি বর্ণকে ধর্মশাস্ত্রসমূহে “দ্বিজ” হিসেবে বর্ণনা করা হয়েছে এবং তাদের বেদ অধ্যয়নের অনুমতি দেওয়া হয়েছে। তবে বৈদিক যুগের সাহিত্যগ্রন্থে এমন কোনো বিধিনিষেধের উল্লেখ নেই যে কে বেদ অধ্যয়ন করতে পারবে।
মনুস্মৃতি গবাদি পশু পালনকে বৈশ্যদের পেশা হিসেবে নির্ধারণ করেছে, কিন্তু ঐতিহাসিক প্রমাণে দেখা যায় যে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং শূদ্ররাও গবাদি পশু পালন করত এবং গবাদিপশুর সম্পদ তাদের গৃহস্থালির প্রধান অবলম্বন ছিল। ভারতীয় উপমহাদেশে সামাজিক বর্জন বিষয়ে বিশেষজ্ঞ ইতিহাসবিদ রামনারায়ণ রাওয়াত উল্লেখ করেছেন যে উনিশ শতকের ব্রিটিশ নথিপত্রে দেখা যায় যারা অস্পৃশ্য হিসেবে তালিকাভুক্ত হওয়া চামার সম্প্রদায় তারাও জমি ও গবাদি পশুর মালিক ছিল এবং কৃষিকাজে সক্রিয়ভাবে জড়িত ছিল। কোশল রাজবংশের সম্রাট এবং কাশীর যুবরাজও এ ধরনের উদাহরণের মধ্যে পড়ে।
মানববিজ্ঞানী টিম ইঙ্গল্ড লিখেছেন যে মনুস্মৃতি বর্ণপ্রথার উপর অত্যন্ত নিয়মতান্ত্রিক ভাষ্য হলেও এটিও “বর্ণনার পরিবর্তে মডেল” প্রদান করে। সুসান বেইলি উল্লেখ করেছেন যে মনুস্মৃতি এবং অন্যান্য ধর্মগ্রন্থসমূহ সমাজে ব্রাহ্মণদের সামাজিক স্তরে উচ্চ স্থানে উন্নীত করতে সাহায্য করেছিল এবং এগুলো বর্ণব্যবস্থার গঠনে একটি কারণ ছিল। তবে প্রাচীন এই গ্রন্থগুলো কোনোভাবে ভারতের বর্ণপ্রথার ঘটনাকে সৃষ্টি করেনি।
বর্ণ এবং জাতি
ক্রমবিন্যাসগত শৃঙ্খলা
হিন্দু ধর্মগ্রন্থগুলো বর্ণের ক্রমবিন্যাসে ব্রাহ্মণদের সর্বোচ্চ স্থান দেয়, তবে হিন্দু প্রথার বিপরীতে জৈন এবং বৌদ্ধ ধর্মগ্রন্থগুলোতে ক্ষত্রিয়দের সর্বোচ্চ মর্যাদার অধিকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। বুদ্ধের সময়কালে ক্ষত্রিয়রা নিজেদেরকে প্রথম বর্ণ হিসেবে উন্নীত করেছিল।
বৌদ্ধ সাহিত্যেও এই বিশ্বাসের প্রতিফলন রয়েছে। যেমন, রাজা অরিন্দমা এক পুরোহিতের পুত্রকে হীনজাত্ত (নিম্নজাতি) বলে অভিহিত করেছিলেন। কোশল দেশের রাজা তার ব্রাহ্মণ কর্মচারীর সাথে কথা বলার সময় তাদের মুখ না দেখার জন্য একটি পর্দা ব্যবহার করতেন। একইভাবে, শাক্য সম্প্রদায়ের লোকেরা যখন তাদের সভাগৃহে এক ব্রাহ্মণ প্রবেশ করল, তখন তারা তাকে দেখে হাসে, কেবল আঙুলের ইশারায় তাকে পিছনে ঠেলে দেয় এবং তাকে বসার কোনো আসন দেয়নি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন